১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য, একদিনে রোগী ৫১ ভাগ বেড়ে শনাক্ত রোগী ছাড়াল ৫ হাজার

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ৬:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য, একদিনে রোগী ৫১ ভাগ বেড়ে শনাক্ত রোগী ছাড়াল ৫ হাজার
বিজ্ঞাপন

এফএনএস : দেশে এখনো করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করছে। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও সেটি তেমন ভয়াবহ নয়। আবার ওমিক্রনে বেশি রোগী আক্রান্ত হচ্ছে, এ তথ্যটি দেশের প্রেক্ষাপটে নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। গতকাল রোববার দুপুরে করোনা সম্পর্কিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ধরে নিতে হবে দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন যেভাবে ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিস্থাপন করছে, আমাদের দেশেও একসময় ওমিক্রনের বিস্তার হতে পারে।

এ কারণে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে অব্যাহতভাবে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীক্ষার হিসাবে নতুন রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। আগের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২০ জন। এক সপ্তাহের ব্যবধানে মৃত রোগী ৬১ শতাংশ বেড়েছে।

এদিকে ওমিক্রনের দাপটে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এক দিনেই বাড়ল ৫১ শতাংশের বেশি, দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ফের পাঁচ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ২২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ২৪ অগাস্ট, সেদিন ৫ হাজার ২৪৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

৫ মাস পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১৭ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক দিনে দেশে মোট ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশে। শনিবার এই হার ১৪ দশমিক ৩৫ শতাংশ ছিল। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩৫১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩৬ হাজার ৬৭৪ জন, যা আগের দিনও ২৮ হাজার ৫৮৬ জন ছিল।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৬০৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের প্রায় ৮২ শতাংশ। দেশের ১৩ জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি। সংক্রমণের মাত্রা বিবেচনায় সারাদেশকে লাল, হলুদ ও সবুজ- এই তিন ভাগে ভাগ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকা ও রাঙামাটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা’ বা লাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ শতাংশ আর রাঙামাটিতে ৭ শতাংশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন