রাসিক মেয়র লিটন ও এমপি এনামুল করোনায় আক্রান্ত
এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শামসুজ্জামান আওয়াল মেয়র লিটনের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করার জন্য গত শুক্রবার নমুনা দিয়েছিলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।
গতকাল শনিবার সকালে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তিনি তার ঢাকার ধানমন্ডির বাসভবনে স্বেচ্ছায় আইসোলেশনে যান। তিনি সুস্থ ও ভালো আছেন। তবে সামান্য কাশিজনিত সমস্যায় ভুগছেন। আপাতত মেয়র লিটন ঢাকায়ই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন। গতকাল শনিবার সন্ধ্যায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন এমপি এনামুল। তিনি জানান, দুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।
এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন এমপি এনামুল হক। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর তিনি করোনা আক্রান্ত হন। এমপি এনামুল হক বলেন, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গত শুক্রবার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল শনিবার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঘাড় ব্যথা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই তার। শারীরিকভাবে বেশ ভালো আছি। তিনি যাতে দ্রুত করোনামুক্ত হতে পারেন সে জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেনে।
এদিকে মেয়র লিটনের তাঁর আশু সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এছাড়া লিটন এর আশু সুস্থতা কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আগামীকাল ১৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার সন্ধ্যায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ডাবলু সরকার। অপরদিকে সিটি মেয়র লিটন দ্রুত করোনা থেকে আরোগ্য কামনায় সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে অত্র ওয়ার্ড কার্যালয়ে গতকাল শনিবার বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ টুকু, বীর মুক্তিযোদ্ধা কেএমএম ইয়াছিন আলী মোল্লা, শাহ মখদুম আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আক্তারুল আলম, সহ-সভাপতি বাদশা শেখ, মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী,
রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আক্তার আলী, রাজশাহী ওলামা কল্যান পরিষদের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস আলী, ১৮ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ নেতা ভুট্টু খালাসী, এমরান আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিরোইল কলোনী বড় জামে মসজিদেও খতিব মুফতি মাওলানা মোঃ মঈনুল ইসলাম আশরাফী।
