দুর্নীতির অভিযোগে অনলাইন ক্লাস রুম পরিচালক প্রত্যাহার
এফএনএস : দুর্নীতির অভিযোগ প্রমাণের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) অধ্যাপক ড. আবদুস সবুর খানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করে। ২০১৭ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পে দুর্নীতির কারণে নির্ধারিত তিন বছরে প্রকল্পের সার্বিক অগ্রগতি মাত্র ৮ শতাংশ।
শিক্ষক প্রশিক্ষণসহ প্রকল্পের প্রায় প্রতিটি পর্যায়ে আর্থিক দুর্নীতি হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত করে। তদন্তে দেখা গেছে, প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনও নিয়মনীতি না মেনে অর্থ তসরুপ করা হয়। নাম মাত্র প্রশিক্ষণ দিয়ে সম্মানীর টাকা ভাগ-বাটোয়ারা করা হয়েছে। প্রকল্প পরিচালক কখনও প্রশিক্ষণ পরিদর্শন না করেই সম্মানী নিয়েছেন ১৬ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
ডিআইএ -এর প্রতিবেদনে এই সম্মানীর টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম প্রকল্প পরিচালককে সরিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আস্থাভাজন হিসেবে অধ্যাপক ড. আবদুস সবুর খান পিডি হিসেবে নিয়োগের তদবির করেছিলেন। শেষ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই চলতে থাকে দুর্নীতি। এর আগেও আরও দুটি তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
