৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্থির ছবিকে “জ্যান্ত ছবি” করে তুলবে অ্যাডোবি’র নতুন টুল

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ৭:০২ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
স্থির ছবিকে “জ্যান্ত ছবি” করে তুলবে অ্যাডোবি’র নতুন টুল
বিজ্ঞাপন

এফএনএস : প্রতি বছর নিজেদের বার্ষিক সম্মেলনে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপের নতুন ফিচার দেখায় অ্যাডোবি। এ বছরও তার ব্যতিক্রম হবে না। এবারের আয়োজনে নিজেদের ‘স্নিকস’ সেশনের অংশ হিসেবে ‘প্রজেক্ট ইন-বিটুইন’ দেখাতে পারে প্রতিষ্ঠানটি। অ্যাডোবির ভাষ্যে, স্থির ছবিকে “জ্যান্ত ছবি” করে তুলবে এআই নির্ভর এ টুলটি। ‘অ্যাডোবি সেনসেই এআই’ ব্যবহার করে এক ক্লিকেই দুটি বা তার চেয়ে বেশি ছবির মাধ্যমে অ্যানিমেশন তৈরি করে দেবে ‘প্রজেক্ট ইন-বিটুইন’।

অ্যাপ ব্যবহারকারীকে দ্রæতগতির ‘মোশন’ তৈরি করতে দেওয়ার লক্ষ্যে উচ্চ সংখ্যায় ট্রানজিশন ফ্রেম নির্বাচন করতে দেবে অ্যাডোবি। তবে, শর্ত একটাই – সব ছবি একই ধরনের হতে হবে। যেমন- একই ভঙ্গিতে তোলা দুটি ছবি, যার একটিতে হাসি আছে, অন্যটিতে নেই, – ব্যবহার করা যাবে। কিন্তু ছবি দুটির মধ্যে যদি বিস্তর ফারাক থাকে, তাহলে ফলাফল আসবে ভিন্ন। দেখে মনে হবে ছবিটাই বদলে গেছে। অ্যাডোবি জানিয়েছে, তাদের নতুন ফিচারটি স্লো-মোশন ক্লিপ তৈরিতেও ব্যবহার করা যাবে।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ‘প্রজেক্ট ইন-বিটুইনকে’ ফোনে ধারণ করা ছবিকে আরও আকর্ষণীয় করার একটি উপায় হিসেবে দেখছে অ্যাডোবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ টুলের মাধ্যমে তৈরি ছবিকে জিফ হিসেবে পোস্ট করা যাবে সামাজিক মাধ্যম ও অন্যান্য স্থানে। নিজেদের ‘অ্যাডোবি ম্যাক্স’ আয়োজনে প্রতি বছরই ডজন ডজন পরীক্ষামূলক ফিচার দেখায় অ্যাডোবি।

আয়োজনের ‘স্নিক’ অংশটি এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, প্রতিষ্ঠানটি এখন উন্নয়নাধীন প্রযুক্তি দেখাতে আলাদাভাবে নিবেদিত একটি সেশনই রেখেছে। তবে, ‘স্নিক’-এ দেখানো সব ফিচারই শেষ পর্যন্ত ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপে ঠাঁই পায় না, কিছু ফিচার পায়। এর অন্যতম একটি উদাহরণ ফটোশপের শক্তিশালী ‘কন্টেন্ট অ্যাওয়ার ফিল’ ফিচারটি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন