রাতের তাপমাত্রা কমতে পারে
এফএনএস : দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও গতকাল শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, টানা কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকার পর এখন তা আর নেই। তবে আশঙ্কা করা হচ্ছে, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমে যেতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
