বড়দিনে করোনা থেকে মুক্তির প্রার্থনা
এফএনএস : সারাবিশ্বের মতো বাংলাদেশেও বড়দিনের উৎসবকে মলিন করেছে করোনাভাইরাস। তাই জীবনদাতার কাছে প্রার্থনায় বারবার ঘুরেফিরে এসেছে এ থেকে মুক্তির বিষয়টি। গতকাল শুক্রবার ছিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল।
অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। তবে চলমান করোনাভাইরাসের কারণে আগের মতো জাঁকজমক হয়নি। বড়দিন সরকারি ছুটির দিন হলেও এবার এটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়ে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দেন।
বড়দিন উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে গির্জায় বিশেষ প্রার্থনা এবং গতকাল শুক্রবার বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি হয়, ছিল বিশেষ খাবারের আয়োজন। দেশের অনেক অঞ্চলে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর বসে। গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ¦ালানোর ব্যবস্থা করা হয়। ভেতরে সাজানো হয় ক্রিসমাস ট্রি।
