সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাকালে হাঁস পালনে সফল চারঘাটের তরুণ উদ্যোক্তা উজ্জল

Paris
Update : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

চারঘাট প্রতিনিধি : দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত তার সঠিক তথ্য নেই। তবে কয়েক মাস পূর্বে সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষণায় বলা হয়েছিল, শিক্ষিত যুবকদের মধ্যে সম্পূর্ণ বেকার ৩৩ দশমিক ৩২ শতাংশ। শিক্ষিত বেকারের সংখ্যা ৩০ লাখের উপরে হবে বলে মত বিশ্লেষকদের। এমন বাস্তবতায় চাকরি পাওয়া এখন দুরহ ব্যাপার। ফলে যুবক ও তরুণদের একটি বিরাট অংশের মধ্যে হতাশা রয়েছে। তবে অনেক তরুণ রয়েছেন, যারা চাকরির পেছনে না ছুটে ‘নিজে কিছু করা’র পিছনে ছোটেন। সামর্থ্য অনুযায়ী ছোট বা বড় পরিসরে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। এমন একজন তরুণ আবু সুফিয়ান উজ্জল। অল্প পুঁজিতে হাঁসের খামার করে ৪ মাসে প্রায় ১ লক্ষ টাকা আয় করছেন।

আবু সুফিয়ান উজ্জলের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। তিনি উপজেলার বড়বড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক মন্ডলের ছেলে। ২০১৮ সালে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। পড়াশোনা শেষ করে আইটি ফার্মে চাকুরি শুরু করেন। করোনাকালে চাকুরি হারিয়ে বাড়িতে চলে আসেন। কিন্তু বেকারত্ব আর প্রকৃতির নিষ্ঠুরতায় থেমে যাননি তিনি। নিজের মতো গড়ে তুলেছেন হাঁসের খামার। শুরুতে তিনি ইউটিউবে হাঁস পালনের ভিডিও দেখে অভিজ্ঞতা নেন। এরপর খামার শুরুর আগে হাঁস পালনের ওপর প্রশিক্ষণ নেন। পরে পরিবারের কাছে থেকে টাকা নিয়ে ৭৫০ টি পিকিং জাতের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন খামার। খামারের বয়স এখন চার মাস।

এর মধ্যে হাঁস বিক্রি করে তার আয় দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ টাকা। গ্রামে বসবাস করা এই তরুণের সাফল্য সাড়া ফেলেছে পুরো এলাকায়। তাকে অনুসরণ করে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। স্থানীয় তরুণদের কর্মসংস্থানেও সহায়তা করছেন তিনি। তার কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে ৪ জন নতুন করে হাঁসের খামার গড়ে তুলেছেন। তরুণ বেকারদের উদ্দেশ্যে আবু সুফিয়ান উজ্জল জানান, ‘বেকার বসে না থেকে হাঁস পালন করে যুবকরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে পারে।

এর জন্য দৃঢ় মনোবল ও পরিশ্রম করতে হবে। এ বিষয়ে সরকারিভাবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ পেলে এবং সহজে কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাওয়া গেলে নিজের খামারটি আরো বড় করা যাবে।’ চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের ওষুধসহ খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। এদিকে হাঁস পালনে নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।’


আরোও অন্যান্য খবর
Paris