‘স্বাস্থ্যমন্ত্রী বললেন এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি’
এফএনএস : দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে, তবে যদি তা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। পোশাক খাত চালু আছে, নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে। এসময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা এখনো নিয়ন্ত্রণে আছে, তবে আমরা চাই না দেশে কেউ করোনার নতুন ধরনে আক্রান্ত হোক, এজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আমাদের সক্ষমতা আছে, তবে নতুন নতুন ল্যাব উদ্বোধনের মাধ্যমে এ সক্ষমতা আরো বৃদ্ধি পেলো।
তিনি বলেন, এর আগে ইউরোপ থেকে আসা যাত্রীদের তিন দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হতো। এসময়ের মধ্যে তাদের করোনা পরীক্ষা করা হতো। ইউরোপে করোনার নতুন ধরন দেখা দেয়ায় আমরা তিন দিনের পরিবর্তে ইউরোপ ফেরত যাত্রীদের সাত দিন করে হোম কোয়ারেন্টাইনে রাখবো। জাহিদ মালেক বলেন, দেশে এখন সুস্থতার হার ৮৮ শতাংশ। অন্যদিকে আক্রান্তের হার ১০ শতাংশের ঘরে ওঠানামা করছে, একই অবস্থানে আছে মৃত্যু হার। আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও সচেতন হতে হবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে।
আমরা সবাই মিলে করোনা জয় করতে চাই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়ায় যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে শান্তি রয়েছে, শৃঙ্খলার মধ্যে আমরা জীবন যাপন করছি। করোনা জয় করতে পেরেছি বলেই দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে, রপ্তানির বড় খাত পোশাক খাত চালু আছে, জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, দেশে এখনও লকডাউনের পরিবেশ তৈরি হয়নি। অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা অক্সিজেন কারখানা বন্ধ থাকায় ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
