২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাজ্যের সব ফ্লাইট চলবে

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাজ্যের সব ফ্লাইট চলবে
বিজ্ঞাপন

এফএনএস : যুক্তরাজ্যজুড়ে নতুন রূপে আরও বেশি সংক্রামক শক্তির করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে দেশটির সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধের ঘোসণা দিচ্ছে বিভিন্ন দেশ। তবে বাংলাদেশ এখনও ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, আন্তর্জাতিক বহির্গমন হলে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য স্থাপিত কর্নার এবং সৈয়দপুর বিমানবন্দরের নবনির্মিত যাত্রী লাউঞ্জের উদ্বোধনকালে প্রশ্নোত্তর পর্বে তিনি ফ্লাইট চালুর রাখার বিষয়টি স্পষ্ট করেন। মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাথে সকল ফ্লাইট চলবে। তবে সেখান থেকে আসা যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে ঢুকতে দেয়া হবে। বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে আসছেন, তাদের তথ্য আমরা সংগ্রহে রাখছি। তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্য পরীক্ষার পরই ছাড়া হবে। এদিকে মো. মাহবুব আলী বলেন, দেশের প্রতিটি বিমানবন্দর উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিমানবন্দরে উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে। ইতোমধ্যে কিছু বিমানবন্দরের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে।

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল- দেশে এসে বিদেশিরা বিমানবন্দর থেকেই উন্নত বাংলাদেশের ছোঁয়া পান। সেই লক্ষ্যে সারাদেশের ৮টি বিমানবন্দরের উন্নয়ন কাজ একসঙ্গে চলছে। যা দেশের ইতিহাসে বিরল। মন্ত্রী আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের ১০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ কাজ শেষ করে প্রথম ও দ্বিতীয় বিমানবন্দরও উন্নয়ন করা হবে। এ ছাড়া সারাদেশের মধ্যে সিলেটে রানওয়ে বৃদ্ধি ও হিব্রোতে একটি আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন করা হয়েছে। তিনি বলেন, কক্সবাজার রানওয়ে বাড়িয়ে টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

সৈয়দপুরে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। চট্টগ্রাম বিমানবন্দরে উন্নয়ন হচ্ছে। প্রতিটি বিমানবন্দরে ২৪ ঘন্টা ফ্লাইট ওঠানামা করবে। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশ থেকে সর্বাধুনিক বিমান চলাচল করছে। এ মাসেও আরও একটি অত্যাধুনিক বিমান বহরে সংযুক্ত হবে। জানুয়ারিতে আরও দুটি আন্তর্জাতিক মানের বিমান আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন