৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিজস্ব প্রযোজনায় পাঁচটি নাটক নিয়ে আসছে বিটিভি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
নিজস্ব প্রযোজনায় পাঁচটি নাটক নিয়ে আসছে বিটিভি
বিজ্ঞাপন

এফএনএস : নিজস্ব প্রযোজনার নাটকে লম্বা উদাসীন সময় কাটিয়ে বিটিভি এবার বেশ সজাগ হয়েছে, নির্মাণ করেছে একসঙ্গে পাঁচটি নাটক! প্যাকেজ যুগের পরও বিটিভি নিজস্ব প্রযোজনায় নাটক প্রচার করে আসছিল। যদিও সেটি সংখ্যা ও মানের বিচারে ছিলো বেশ অনুল্লেখযোগ্য। অনেক বছর পর ঈদ-উল-আজহাকে লক্ষ্য করে এবার সর্বাধিক পাঁচটি নাটক প্রযোজনা করলো রাষ্ট্রায়ত্ত এই চ্যানেলটি। আর এই নাটকগুলো রচনা করেছেন বিখ্যাত সব নাট্যকার ও পরিচালক। এই তালিকায় রয়েছেন ইমদাদুল হক মিলন, পান্থ শাহরিয়ার, বদরুল আনাম সৌদ, চয়নিকা চৌধুরী ও মীর সাব্বির।

সবগুলো নাটকই প্রচার হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। ঈদের আগের দিন দেখা যাবে বদরুল আনাম সৌদের রচনায় ‘আকাশ ভাবনা’। এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাহাদাৎ হোসেন, নীলাঞ্জনা নীলা, ওয়াসেক ইমাদ পৃথুসহ অনেকে। ঈদের দিন প্রচার হবে মীর সাব্বিরের রচনায় ও সোলেমান হকের প্রযোজনায় নাটক ‘হাম্বা ডট কম’। অভিনয় করেছেন মীর সাব্বির, আ. খ. ম. হাসান, ফারুক আহমেদ, ডালজিফা আমিন, ফারজানা রিক্তা, গুলশান আরা, হান্নান শেলী, আমিন আজাদ, বিনয় ভদ্র ও হাফিজুর রহমান সুরুজ।

ঈদের ২য় দিন দেখা যাবে ইমদাদুল হক মিলনের রচনায় ‘বিয়ের কয়েকদিন আগে’। নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, শ্রাবণ্য, রিয়াদ, মেহরিমা, ফকরুল বাশার, মিলি বাশারসহ অনেকে। ঈদের ৩য় দিন প্রচার হবে ‘গৃহমায়া’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অভিনয় করেছেন তারিন, রওনক হাসান, আল মামুন, মিলি বাশার, এফএস নাঈম, নাবিলা ও ইভান। ঈদ আয়োজনের শেষদিনে দেখা যাবে পান্থ শাহরিয়ার রচিত নাটক ‘বকুলের আয়না’।

এস. এম. নোমান হাসান খানের প্রযোজনায় এ নাটকটিতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, জিতু আহসান, মানস বন্দোপাধ্যায়সহ অনেকে। ঈদের নাটকগুলো প্রসঙ্গে বিটিভির প্রোগ্রাম ম্যানেজার ও নাটক বিভাগের প্রধান কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ‘এবার ঈদে আমরা এমন পাঁচটি নাটক বেছে নিয়েছি যে নাটকগুলোর গল্প একদম সময়োপযোগী। যা মানুষকে বিনোদন দেয়ার পাশাপাশি বোধোদয়ও ঘটাবে। আর এগুলো লিখেছেন জনপ্রিয় পাঁচ নাট্যকার ও নাট্যপরিচালক। অভিনয়শিল্পীর তালিকায়ও রয়েছে বৈচিত্র্য। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন