১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কঠোর বিধিনিষেধ বাড়ল আরো ৭ দিন

প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ৩:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কঠোর বিধিনিষেধ বাড়ল আরো ৭ দিন
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করলে সরকার গত ১ জুলাই থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করে। দেয়া হয় ২১টি নির্দেশনা। বিধিনিষেধের ৫ দিন পার হতে চললেও এরমধ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়নি। কিন্তু সেই বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামীকাল বুধবার মধ্যরাতে। এর মধ্যে বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এই প্রেক্ষাপটে বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হলো। বিধিনিষেধে জরুরি সেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। জনসমাবেশ হয় এমন কোন অনুষ্ঠানের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। বিধিনিষেধ ভেঙে বাইরে বের হওয়া ব্যক্তিদের প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন