পুঠিয়া মোবাইল ব্যবহার করতে না দেওয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যা!
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়ায় আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। গতকাল রোববার সকালে বাড়ির নির্মাণাধীন বাথরুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা, গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় বাথরুমের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
নিহত স্কুলছাত্রীর নাম আম্মারা খাতুন (১৬)। সে বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের কাউসারুল ইসলামের মেয়ে। সে চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও পরিবার সূত্র জানায়, সবসময় মোবাইল ফোন নিয়ে পড়ে থাকত আম্মারা। গত শনিবারও তার হাতে ফোন দেখে কেড়ে নেন তার বাবা। এতে সে অভিমান করে বসে।
গতকাল রোববার ভোরে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
