স্টাফ রিপোর্টার : করোনায় মানবতার সেবায় আরএমপি ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংককে’ ৫০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এফবিসিসিআই এর ডাইরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল। তিনি বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ৩ টায় শাহমখদুম আরএমপি সদর দপ্তরে ৫০টি অক্সিজেন সিলিন্ডার পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নিকট হস্তান্তর করেন।
এসময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংককে’ উদ্বোধনের পর থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। গত ২৪ ঘন্টায় আমরা ৩০ জনকে অক্সিজেন সেবা প্রদান করতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, এই ব্যাংকটিতে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজকে আরও ৫০ টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হলো। এই মানবিক কাজের জন্য এফবিসিসিআই এর ডাইরেক্টরকে সাধুবাদ জানাচ্ছি। এছাড়াও তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে সুফল পাওয়ার উদ্দেশ্যে আরও ৭ দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে। তাই আপনারা সবাই বাসায় অবস্থান করুন , স্বাস্থ্য বিধি মেনে চলুন ও মাস্ক ব্যবহার নিশ্চিত করুন।
আপনার যে কোন সমস্যায় পড়লে আমাদের হটলাইনে কল করে জানাবেন, পুলিশ আপনাদের বাসায় সেবা পৌঁছে দিবে। এই উদ্দেশ্যেই ‘পুলিশ কোভিড অক্সিজেন’ ব্যাংক স্থাপন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এফবিসিসিআই এর ডাইরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আওয়াল জানান, ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ করোনা কালীন সময়ে সাধারণ মানুষের নিকট আশীর্বাদ স্বরূপ।
এটা স্থাপনের জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই অক্সিজেন সেবার পরিধি আরও বৃদ্ধি করার উদ্দেশ্যে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দেশের এই করোনা ক্রান্তিকালে ও জরুরী অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবানদের কর্মহীন ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।