এফএনএস : সাংবাদিক পরিচয়ে একটি বেসরকারি টেলিভিশনের লোগো সম্বলিত প্রাইভেটকার ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসার অভিযোগে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম। গ্রেপ্তার ব্যক্তির হলেন- মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৬), মো. মহিদুল ইসলাম (৩০) ও মো. সাদ্দাম হোসেন (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত টিভির লোগো সম্বলিত একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার ও একটি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়।
গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম জানান, গত রোববার গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার সময়ে দারুস সালাম থানার কোর্টবাড়ি এলাকা থেকে বেসরকারি টিভির লোগো সম্বলিত একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাইভেটকারটি তল্লাশিকালে ১২ কেজি গাঁজা ও বেসরকারি টিভির লোগো সম্বলিত একটি প্রফেশনাল ভিডিও ক্যামেরা জব্দ করা হয়। এডিসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা সাংবাদিক পরিচয়ে একটি বেসরকারি টিভির লোগো সম্বলিত প্রাইভেটকার ও ভিডিও ক্যামেরা ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে গ্রেপ্তাররা কেউ সাংবাদিক নয়। শুধুমাত্র মাদক ব্যবসায়ের জন্য টিভির নাম সম্বলিত গাড়ি ও প্রাইভেটকার ব্যবহার করেছে তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে।
টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকায় বিক্রি: রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মো. হারুন অর রশিদ (২২)। গতকাল সোমবার গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজীব এ তথ্য জানান।
তিনি জানান, গত রোববার সন্ধ্যার দিকে মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গুলশান জোনাল টিম। গ্রেপ্তার হারুন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান এডিসি মাহবুবুল হক।