১৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরলেন বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরলেন বিমান বাহিনী প্রধান
বিজ্ঞাপন

এফএনএস : নতুন বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানকে এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয় বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান। সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (আগামী সেনাপ্রধান) এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ-বাহিনীর সহকারী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ নতুন বিমান বাহিনী প্রধানকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

ইমরুল কায়েস জানান, র‌্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে নতুন বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। বিমান বাহিনী প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সরকার গত ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধানের দায়িত্ব দেয়। গত শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

শেখ আবদুল হান্নান এ দায়িত্বে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন। সেরনিয়াবাত গত শনিবার অবসরে যান। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তা (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী গণভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন