প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেয়ে খুশি রাজশাহীর সুবিধাভোগী মানুষ
স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস-এর বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তৃতীয় দফায় ২০০ জন কর্মহীন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম,সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) অভিজিত সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক। উল্লেখ্য যে, ত্রাণ হিসেবে একটি প্যাকেটে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম সয়াবিন তেল দেয়া হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তৃতীয় দফায় লকডাউনের কারণে আর্থিক সংকটে রয়েছে কর্মহীন, প্রতিবন্ধী ও অসহায় মানুষেরা। তাই তাদের কথা চিন্তা করে লকডাউনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রতিটি উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনে পৌঁছে দেয়া হয়েছে। তাঁরাও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন। তিনি আরও জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেকে রাজশাহী জেলা প্রশাসন দরিদ্র ও অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় প্রথম ধাপে ২০০ জন, দ্বিতীয় ধাপে ২০০ জন এবং গতকাল তৃতীয় দফায় ২০০ জন নিম্ন আয়ের খেটে-খাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।
মোল্লাপাড়া এলাকার সুবিধাভোগী খাদিজা খাতুন জানান, ‘আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি। এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে ত্রাণ পেয়ে অনেক উপকৃত হলাম। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’ অপর একজন সুবিধাভোগী নজরুল ইসলাম জানান, লকডাউনের কারণে কোনো কাজ করতে পারি নাই। তাই ছেলে-মেয়েদের নিয়ে খুবই কষ্ট দিন কাটছিল। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রী উপহার পেয়ে আমি খুবই আনন্দিত। আশ্রয়ন প্রকল্পের বসবাসকারী বখতিয়ার হোসেন জানান, করোনাভাইরাস এর মত দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি আমাদের আশ্রয়ন প্রকল্পে থাকার জায়গা ও খাদ্য সামগ্রী দিচ্ছেন। সেজন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর পাশাপাশি জেলা প্রশাসক স্যারকে প্রধানমন্ত্রীর ত্রাণ আমাদের কাছে পৌঁছে দেয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
