রাজশাহী মহানগরীর দোকান মালিকদের স্বাস্থ্য বিধি নিশ্চিতের আহ্বান আরএমপি কমিশনারের
স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শপিংমল-ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য দোকান মালিকদের আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার দোকান মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সকালে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সভায় তিনি দোকানপাট এবং শপিংমলসহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। পুলিশ কমিশনার বলেন, ঈদ ঘিরে মার্কেটে ভিড় বাড়বে।
কেনাকাটার ক্ষেত্রে দোকানদার এবং ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে হবে। মার্কেটের প্রবেশদ্বারে স্বেচ্ছাসেবক রেখে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ক্রেতা আসলে তাকে মাস্ক দিতে হবে। প্রত্যেক দোকান মালিককে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি অনুসরণ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, মার্কেট বা শপিংমলের সার্বিক নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে। কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তা না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) এএফএম আনজুমান কামালসহ দোকান মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
