শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলেম নয়, দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হচ্ছে : তথ্যমন্ত্রী

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : সরকার কোনো আলেম বা ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করছে না, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, ‘সরকার ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করছে’- তার এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন। মন্ত্রী বাংলাদেশ সংবাদ সংস্থা ও এটুআই আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক অনলাইন কর্মশালা উদ্বোধন করেন।

এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। হাছান মাহমুদ তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এসব অনুষ্ঠানে যুক্ত হন। হাছান মাহমুদ বলেন, যে সব দুষ্কৃতিকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ¦ালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে। কোনো ভালো আলেম এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিল না।

আলেমের মুখোশধারীরাই সহিংসতায় যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে। বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে। মামুনুল হক যেভাবে রাসুল (সা.)-কে ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করত, হেফাজতের নেতারা সারাদেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন। আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মিলাতেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত সোমবার রাতে হেফাজতে ইসলামের নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সরকারের মন্ত্রীদের সঙ্গে যে কেউ দেখা করতে চাইলে, করতেই পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীও দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ব্যত্যয় হবে না। এর আগে তথ্যমন্ত্রী বাসসের কর্মশালায় দেয়া বক্তব্যে সংস্থাটির সকল জেলা প্রতিনিধিদের ল্যাপটপ সরবরাহের ওপর গুরুত্ব দেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং এটুআই প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান এতে বিশেষ অতিথি ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris