চারঘাট গণহত্যা দিবস পালিত
চারঘাট প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রাজশাহীর চারঘাট গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে পৌরসভা চত্ত্বরে চারঘাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনের শুরুতেই ১৯৭১ সালের এই দিনে পাকসেনাদের হাতে নির্মমভাবে যারা শহীদ হন তাদের স্মরণে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা ও উপজেলা আওয়ামীলীগ। এরপর পৌরসভা চত্ত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনোয়ার হোসেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, পৌর আ’লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি এখলাক হোসেন লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ। চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, শহীদদের রক্ত বৃথা যায়নি।
বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বর্তমান সরকার একাত্তরের ঘাতক ও রাজাকারদের ফাঁসি কার্যকর করে শহীদদের আত্মাকে শান্তি দিয়েছে। উল্লেখ্য, ১৩ এপ্রিল রাজশাহীর চারঘাট গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণ চালিয়ে মুক্তিযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক নিরীহ মানুষকে হত্যা করে। সেই থেকে দিনটি চারঘাট গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
