৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় রামেক হাসপাতালে নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৪:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনায় রামেক হাসপাতালে নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষসহ দুইজনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকও (৬৫) মারা গেছেন। মৃত আরেকজনের সুবোধ কুমার তালুকদার (৪৫)। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগরানবাজারে। গতকাল রোববার ভোররাতে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অন্যদিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯টায় মারা যান প্রফেসর আব্দুর রাজ্জাক। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রফেসর আব্দুর রাজ্জাক এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন আগে তাকে আইসিইউতে দেয়া হয়। সেখানে তিনি মারা গেছেন।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অলীউল আলম জানান, প্রফেসর আব্দুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অবসর নেন। অবসর গ্রহণের আগে তিনি উপাধ্যক্ষ ছিলেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ। তবে তিনি সপরিবারে নগরীর বিনোদপুর এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নিউ ডিগ্রি কলেজ পরিবার শোকাহত।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ১০০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ৭০৫৪ জন প্রাণঘাতি এ রোগে আক্রান্ত হলেন। রাজশাহী সিভিল সার্জনের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ৫ জনসহ এ পর্যন্ত মোট ৬০৩৪ জন সুস্থ হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫৯ জনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৬১ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন