করোনায় রাকাবের এজিএমের মৃত্যু
স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান। তিনি রাকাবের মনিটরিং বিভাগের এজিএম ছিলেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা ফেরদৌস।
শনিবার সকালে তিনি আইসিইউতে মারা গেছেন। রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল জানান, শামীমা ফেরদৌস শিমুল রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। সর্বশেষ ২৬ মার্চ বিকালে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এজিএম শামীমা ফেরদৌস। এরপর তিনি আর অফিসে যেতে পারেননি।
মেয়রের শোক
প্রেস বিজ্ঞপ্তি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস শিমুল (৪৭) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মেয়র মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
