দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ধারী যুবক ইয়াবাসহ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ধারী যুবককে ১০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আতিকুর রহমান আতিকের বক্তব্য ও দূর্গাপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর উপজেলার আলিপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে থেকে আলিপুর গ্রামের দেলু চৌধুরীর পুত্র একটি অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয়দানকারী যুবক ফিরোজ চৌধুরী (৩২) কে আটক করে।
এ সময় তার কাছে থাকা জিক্সার মোটরসাইকেল তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাকে দূর্গাপুর থানায় অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়। এঘটনায় জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আতিকুর রহমান আতিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
