রাজশাহী নগরীতে পিকনিকের আড়ালে মাদক বিক্রিকালে নারীসহ ৪ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পিকনিকের আড়ালে চলে মাদকদ্রব্য কেনাবেচা। এরকম এক গোপন সংবাদের ভিত্তিতে নতুন এই মাদক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো, মহনগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আকাশ ওরফে আক্কাসের স্ত্রী কাকলি (২০), মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫), আবদুল মজিদের ছেলে মাসুদ রানা (৩২) ও তার স্ত্রী ফিরোজা বেগম (২৫)। অতিরিক্ত উপকমিশনার রুহুল কুদ্দুস জানান, গত শুক্রবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযান চালায়।
এ সময় পিকনিকে মাদক কেনাবেচার দায়ে কাকলি ও আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এদিকে, গত শুক্রবার রাতে আরও একটি অভিযান চালায় গোয়েন্দা শাখা পুলিশ।
এ সময় মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লায় থাকা রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা ও তার স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপকমিশনার রুহুল কুদ্দুস।
