২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীর সঙ্গে মিশিগানের মিল খুঁজে পেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীর সঙ্গে মিশিগানের মিল খুঁজে পেলেন মার্কিন রাষ্ট্রদূত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টর : রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এসময় তিনি বলেন, রাজশাহী নগরীর সঙ্গে মিশিগানের অনেক মিল রয়েছে। শিক্ষাক্ষেত্রে রাজশাহী নগরী মিশিগানের মতো সম্ভাবনাময় বলে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনে মেয়রের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। আলোচনায় রাজশাহীর উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়া রাজশাহী নগরীর সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত বরার্ট মিলার।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দুই দেশের একটি যারা স্নাতকোত্তর, পিএইচডি ও হার্ড সায়েন্সের ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পাঠাচ্ছে। উভয় দেশের শিক্ষা আদান-প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, কীভাবে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যেতে পারে এবং সেখানকার শিক্ষার্থী এখানে আসতে পারে সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

রাজশাহীতে থেকে অনেক পণ্য আমদানি-রফতানির সুযোগ আছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এসময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন