১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এক বছরে করোনায় ৮৪৭৬ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫ লাখ

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ৪:২০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
এক বছরে করোনায় ৮৪৭৬ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫ লাখ
বিজ্ঞাপন

এফএনএস : দেশে মহামারি করোনার এক বছর পূর্ণ হয় গতকাল সোমবার। এ সময়ের মধ্যে মোট এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৬২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩ হাজার তিন জন। দেশে গত বছরের ৮ মার্চ একদিনে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে দুজন বিদেশফেরত, অন্যজন দেশে থাকা তাদের পরিবারের এক সদস্য। এরপর প্রথম শনাক্তের ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু ঘটে রাজধানীর মিরপুরের টোলারবাগে।

এরপর থেকেই প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ সংক্রমণ ছিল। ২ জুলাই একদিনে চার হাজার ১৯ জন আক্রান্ত হন। আর জুন মাসে সর্বোচ্চ মৃত্যু ছিল। ৩০ জুন একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয় ৬৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে এখনো প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত এক বছরে যে আট হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৪০৭ জন এবং নারী দুই হাজার ৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের মাসওয়ারী মৃত্যুর পরিসংখ্যান পরিসংখ্যান বিশ্লেষণে জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে পাঁচজন, এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন, ডিসেম্বরে ৯১৫ জন এবং ২০২১ সালের জানুয়ারিতে ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন এবং ৮ মার্চ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়।

এদিকে দেশে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হন ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১১ জনের। অর্থাৎ একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে ২৩৯ জন এবং মৃত্যু বেড়েছে ৩ জন। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।

সর্বশেষ ৮৪৫ জনসহ এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন। সোমবারের ১৪ জন নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৪৭৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৫৮টি।

এখন পর্যন্ত ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪০৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন