২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
জিপিএর শর্ত কমালো ১৬ বিশ্ববিদ্যালয়প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক-সামাজিক বনায়ন কর্মসূচি শুরুরাজশাহী নগর যুবদলে নতুন অন্তর্ভূক্তিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থানরাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলন

জিপিএর শর্ত কমালো ১৬ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: lead
জিপিএর শর্ত কমালো ১৬ বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর এসেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে জিপিএ’র শর্ত কমিয়েছে বা শিথিল করেছে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়। ফলে তুলনামূলক কম জিপিএ পাওয়া অনেক শিক্ষার্থীও এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদন ও পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। এর মধ্যে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভর্তির যোগ্যতায় পরিবর্তন এনেছে ১৬টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়। কোথাও এসএসসি ও এইচএসসির মোট জিপিএ কমানো হয়েছে। আবার কোথাও বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্টের শর্ত শিথিল করা হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে একাধিক ইউনিটের আবেদনযোগ্যতায় পরিবর্তন এসেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬. ৫০ থাকতে হবে। তবে পৃথকভাবে দুই পরীক্ষায় অন্তত ৩. ০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে মোট জিপিএর শর্ত ছিল ৭. ০০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮. ০০ থেকে কমিয়ে ৭. ০০ করা হয়েছে। তবে পৃথকভাবে দুই পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩. ৫০ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়টিতে গত ১৫ নভেম্বর আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি।
কুয়েট : কুয়েটে ভর্তির আবেদনে বিষয়ভিত্তিক জিপিএর শর্ত কমানো হয়েছে। এবার এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি-চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট অন্তত ১৬. ০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ চার বিষয়ে মোট ১৮. ০০ গ্রেড পয়েন্ট প্রয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়টিতে গত ১০ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় : কৃষিগুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়েও এবার আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪. ০০ এবং মোট জিপিএ ৮. ৫০ থাকতে হত। এবার চতুর্থ বিষয়সহ দুই পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪. ০০ এবং মোট জিপিএ ৮. ০০ থাকলেই আবেদন করা যাবে। কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু হবে আগামী বুধবার। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ জানুয়ারি। গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়েই পরীক্ষার কেন্দ্র থাকবে।
এমআইএসটি : এমআইএসটিতেও এবার ভর্তির যোগ্যতা শিথিল করা হয়েছে। এসএসসিতে চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪. ০০ থাকতে হবে। এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১২. ০০ এবং প্রতিটি বিষয়ে পৃথকভাবে অন্তত ৩. ৫০ থাকতে হবে। এবার ইংরেজি বিষয়ে আলাদা শর্ত রাখা হয়নি। গত শিক্ষাবর্ষে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি-চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৮. ০০ প্রয়োজন ছিল। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ৪. ০০ থাকতে হত। প্রতিষ্ঠানটিতে আগামী ৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার সব ইউনিটে জিপিএর শর্ত কমানো হয়েছে। গতকাল রোববার থেকে আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটিভুক্ত ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৮. ৫০ থেকে কমিয়ে ৭. ৫০ করা হয়েছে। পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে অন্তত ৩. ৫০ থাকতে হবে। সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭. ৫০ এবং পৃথকভাবে ৩. ৫০ থাকতে হবে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের জন্য মোট ৬. ৫০ এবং পৃথকভাবে ৩. ০০ নির্ধারণ করা হয়েছে। আগে মোট জিপিএর শর্ত ছিল যথাক্রমে ৮. ৫০ ও ৭. ৫০। কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭. ৫০ থাকতে হবে। মানবিক বিভাগের জন্য প্রয়োজন ৬. ৫০। পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএ যথাক্রমে ৩. ৫০ ও ৩. ০০। নাট্যতত্ত্ব ও চারুকলাভুক্ত ‘সি-১’ ইউনিটে মোট জিপিএ ৭. ৫০ থেকে কমিয়ে ৬. ৫০ করা হয়েছে। পৃথকভাবে অন্তত ৩. ০০ থাকতে হবে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৯. ০০ থেকে কমিয়ে ৮. ০০ করা হয়েছে। পৃথকভাবে ন্যূনতম ৩. ৫০ থাকতে হবে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৭. ৫০ এবং অন্য বিভাগের জন্য ৬. ৫০ নির্ধারণ করা হয়েছে। পৃথকভাবে ন্যূনতম জিপিএ থাকতে হবে যথাক্রমে ৩. ৫০ ও ৩. ০০।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে জিপিএর শর্ত কমানো হয়েছে। শুধু ‘সি’ ইউনিটে আগের শর্ত বহাল রয়েছে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৭. ৫০ থেকে কমিয়ে ৭. ০০ করা হয়েছে। পৃথকভাবে দুই পরীক্ষায় অন্তত ৩. ০০ থাকতে হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬. ৫০ থেকে কমিয়ে ৬. ০০ করা হয়েছে। পৃথকভাবে ন্যূনতম ২. ৭৫ থাকতে হবে। চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৬. ০০ থেকে কমিয়ে ৫. ৫০ করা হয়েছে। তবে পৃথকভাবে কোনো পরীক্ষায় জিপিএ ২. ৫০-এর কম থাকা যাবে না। অন্যদিকে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট জিপিএ ৬. ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩. ০০ থাকার আগের শর্ত অপরিবর্তিত রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে গত ১৫ নভেম্বর আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
বুটেক্স : বুটেক্সে এবার এইচএসসির বিষয়ভিত্তিক মোট গ্রেড পয়েন্টের শর্ত কমানো হয়েছে। আবেদনের জন্য এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪. ০০ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি-চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট অন্তত ১৬. ৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ শর্ত ছিল ১৭. ৫০। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ৩. ৫০ থাকার শর্ত বহাল রয়েছে।
রুয়েট : রুয়েটেও ভর্তির আবেদনে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্টের শর্ত শিথিল করা হয়েছে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪. ০০ থাকতে হবে। এছাড়া এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন-তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৩. ০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ শর্ত ছিল ১৪. ০০। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ৪. ০০ থাকার শর্ত অপরিবর্তিত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মেডিকেলেও শর্ত কমানোর আলোচনা : এদিকে, সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রেও জিপিএর শর্ত কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনও পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএর শর্ত শিথিল হওয়ায় এবার তুলনামূলক কম ফল করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির আবেদনের সুযোগ বাড়বে। তবে আবেদনের সুযোগ পেলেও ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন