স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় ভেড়াপোড়া আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়াপাড়া আদর্শ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সোহেল রানা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে তারা এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন।
কর্মসূচিতে অংশ নেন বড়গাছী ইউনিয়নের বিএনপি সদস্য রায়হান উজ দোল্লা পান্না এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন। এছাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা বাবুল হোসেন, আব্দুল আজিজ এবং প্রভাষক রেজাউল করিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই সবুজায়ন অভিযান সফল করতে সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করেন। প্রতিটি বাড়ির আনাচে-কানাচে এবং পতিত জমিতে অন্তত দুটি করে গাছ লাগানোর জন্য তারা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। পুরো এলাকায় এই ইতিবাচক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।