২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আশা ও ভরসা নিয়ে তাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন।
তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং তিনি পূর্বসূরিদের দেখানো পথেই কাজ এগিয়ে নেবেন। সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করে গেছেন, সেই পরিকল্পনা অনুযায়ীই উন্নয়ন কাজ চলমান থাকবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের পরিধি পর্যালোচনা করে, সবার সাথে আলোচনার ভিত্তিতে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
শহরকে নাগরিকদের জন্য পুরোপুরি বাসযোগ্য করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার মূল লক্ষ্যগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মানুষ যেন অতি সহজেই সেবা পায় এবং উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়ে আনন্দ লাভ করে, সেই ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উৎখাত করা হবে। অতীতে কারা কী ধরনের অনিয়ম বা দুর্নীতি করেছে, তার সুনির্দিষ্ট অভিযোগ জানাতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে নিজের দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত অতিথি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি এডভোকেট আশরাফ আলী মাসুম,শফিকুল ইসলাম সাফিক, জয়নুল আবেদীন শিল্পী, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি এবং পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আরডিএ এর কর্মকর্তা-কর্মচারীগণ ।
উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান /সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এতে স্বাক্ষর করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন