রাজশাহী মহানগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে এগারোটায় নগরীর উপশহর মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাসিক। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দুই সপ্তাহব্যাপী বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে গত ৬ জুন জনসচেতনতা বৃদ্ধিতে নগরীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি নগরবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার এবং ফুলের টব, টায়ার বা ডাবের খোসার মতো স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানানো হয়েছে, নগরীর ৩০টি ওয়ার্ডে ড্রেন, ডোবা ও মশার প্রজননস্থলে ফগার মেশিনে স্প্রে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি করে ওয়ার্ডে মোট ১৪ দিন ২ পর্যায়ে চক্রাকারে এই কীটনাশক ছিটানো হবে। এছাড়া প্রতি মঙ্গলবার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালিত হবে।-তথ্য বিবরণী