স্টাফ রিপোর্টার : কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬’ পেয়েছেন কথাসাহিত্যিক শামীমা নাইস। বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘স্বাধীনতা সংসদ’ রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত আয়োজক ও বক্তারা কথাসাহিত্যে শামীমা নাইসের বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রকৃতি ও জীবনের কবি হিসেবে পরিচিত শামীমা নাইস তার সাহিত্যকর্মে মানবিক বোধ, প্রেম, প্রকৃতি ও সমকালীন বাস্তবতাকে নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। তার লেখনীতে অনুভূতির গভীরতা ও শব্দের শিল্পিত ব্যবহার পাঠকদের হৃদয়ে এক স্বতন্ত্র আবেদন সৃষ্টি করেছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শামীমা নাইস নিজে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘সাম্যবাদী’ কবিতাটি আবৃত্তি করে শোনান। পুরস্কার গ্রহণের পর আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘সাহিত্য মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তোলার এক অনন্ত প্রয়াস। এই সম্মাননা আমার লেখালেখির পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।’ স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহম্মদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা এবং জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীসহ প্রমুখ গুণীজন।