মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবীদ মিজানুর রহমান মিনু এমপি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব মোঃ নজরুল ইসলাম হেলাল এর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী পরিবহণ গ্রুপের কার্যালয়ের সামনে গ্রুপের সদস্য, শ্রমিক, সাধারণ রিকশাচালক ও পথচারীদের মাঝে এই মিষ্টি বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সহসভাপতি মোঃ মজিবর রহমান ও মোঃ লতিফুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর কবির ও জিল্লুর রহমান, সদস্য শওকত আলী ও শামসুল আলম আক্তার প্রমুখ।
এসময় রাজশাহী পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল বলেন, রাজশাহীর সাধারণ মানুষের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত। দীর্ঘদিন পর রাজশাহী তার যোগ্য অভিভাবককে জাতীয় পর্যায়ে পেল। তিনি মেয়র থাকাকালে রাজশাহী যেমন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল, এখন ভূমিমন্ত্রী হিসেবে তিনি সারাদেশে ভূমি সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বলে আমাদের বিশ্বাস।
