২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞাপন

♦স্টাফ রিপোর্টার:
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়। এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। এই ন্যায্য দাবি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. মাসুদ করিম বলেন, “বৈষম্যহীন নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে আজকের এই একদফা আন্দোলন।”
রাজশাহী বেতারের কর্মচারী বনি আমিন বলেন, “আমাদের দাবি সরকারকে মেনে নিতেই হবে। ড. ইউনুস সরকারের কাছে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু তিনি আমাদের হতাশ করেছেন। সামনে নির্বাচন—নির্বাচনের আগেই সরকারকে আমাদের এই দাবি মেনে নিতে হবে।”
আন্দোলনরত কর্মচারীরা জানান, “আমরা মাঠ পর্যায়ে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করি। অথচ দীর্ঘ প্রতীক্ষার পরও আমাদের ন্যায্য পাওনা ও বৈষম্যহীন বেতন কাঠামো থেকে আমরা বঞ্চিত। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।” এবং শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান।
মানববন্ধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজশাহী, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়, জজ কোট, রাজশাহী বেতার, রাজশাহী পোস্ট অফিস, নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, মহিলা কলেজ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন