স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুখি ও শান্তির নগরী রাজশাহীকে অনিরাপদ করে তোলা হয়েছিল। আমরা রাজশাহী মহানগরীকে আগের মতো নিরাপদ ও বসবাসের যোগ্য হিসেবে গড়ো তুলবো। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্র্যন্ত নগরীর ১৫ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভা বক্তব্যদানকালে এসব কথা বলেন তিনি।
মিনু আরো বলেন, আমি আপনাদের সন্তান। এই নগরে মেয়র ও এমপি থাকাকালে নগরের উন্নয়নে কাজ করেছি। বিএনপির পর আর সেইভাবে এ নগরে কাঙ্খিত ও স্থায়ী উন্নয়ন হয়নি। আমরা সুযোগ পেলে আগামী আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। নতুন নতুন কলকারখানা গড়ে তুলে সেখানেই আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই নগর ও এই শহর যাতে উন্নত ও সুখী হয় সেই ব্যাপারে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সবকিছু করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া প্রত্যাশা করছি। আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবশেষে তিনি গণসংযোগে যোগ দেওয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়ি, মহল্লায় মহল্লায় কাজ করার আহবান জানান। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহীর জনপ্রিয় গণমানুষের নেতা মিজানুর রহমান মিনু ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী দিনে মিনু ভাইয়ের হাত ধরে সমৃদ্ধিশীল নগরী গড়ে উঠবে।
এদিকে, প্রচার-প্রচারণার শুরুর প্রথম দিনেই নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনুর রহমানের গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মী ও জনগণের সমাগম দেখা গেছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের সপুরা, শালবাগান, ছয়ঘাটি, পাউবোসহ বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
গণসংযোগকালে প্রার্থী মিজানুর রহমান মিনু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট নিরসন ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে ১৫ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের সমস্যা জনগণের সঙ্গেই বসে সমাধান করাই হবে আমার প্রধান লক্ষ্য।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনু একজন পরিচিত ও ত্যাগী বর্ষীয়ান নেতা। এলাকার মানুষ তার ওপর আস্থা রাখছেন এবং সে কারণেই গণসংযোগে মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে।
এ সময় স্থানীয় বাসিন্দারাও তাদের মতামত ব্যক্ত করেন। একাধিক ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি নিয়মিত এলাকায় আসবেন, মানুষের কথা শুনবেন এবং সমস্যার দ্রুত সমাধান করবেন। মিনুর গণসংযোগ ও বক্তব্যে তারা আশাবাদী হয়েছেন।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আসন্ন নির্বাচনে রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডকে ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রার্থীর গণসংযোগ ও প্রচারণায় এলাকাজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। গণসংযোগ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদার, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মুনজু, সাধারণ সম্পাদক আবু জাফর, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শাহিন ইকবাল, সাবেক কাউন্সিলর শামসুন্নাহার, মহিলাদল নেত্রী লাভলি, মহিলাদল নেত্রী শিউলি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রবিউন হাসান জাহিদ, ১৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বিপ্লব, যুবদল নেতা শরিফুল ইসলাম শিমুল, স্বেচ্ছাসেবক দল নেতা শুভ, মামুন ও সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।