জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায়
প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৪ জন
ফারুক আহমেদ : রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থীর বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বুধবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত সিদ্ধান্তের একটি চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক দুই জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় এই আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪ জন। মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির ফজলুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান। এর আগে গত ৩ জানুয়ারি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা যাছাই বাছাই শেষে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ নিয়ে আসনটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবদুল বারী সরদার ও জাতীয় পার্টি আব্দুল কাদের (এরশাদ) নাঙ্গল প্রতীক মনোনীত ফজলুল হক, ইসলামী আন্দোলনের তাজুল ইসলামসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।
রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি দুপুরে দাখিল করা মনোনয়ন পত্র যাছাই বাছাই করা হয়। জাপার প্রার্থীর মনোনয়ন পত্রে দলীয় ও ব্যক্তিগত অঙ্গীকারনামা, দলীয় মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করা হয়নি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন পত্রে চুক্তিনামা, হলফনামা ও সম্পদের বিবরণীতে স্বাক্ষর নেই। এই কারণে বাতিল ঘোষণা করা হয়েছে মনোনয়ন পত্র। এই রায়ের বিরুদ্ধে প্রার্থীতা হারানো দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রার্থীতা ফিরে দেওয়া হয়। মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা নির্বাচনে নিজস্ব প্রতীকে নির্বাচন করবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন আশা করছে।