বাগমারায় থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
মহমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। বৃহস্পতিবার (০৮ মে) বেলা ১ টার দিকে ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া সহ বিভিন্ন বিষয় দেখভাল করেন। প্রতিটি শিক্ষার্থী যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সে বিষয়েও নজর দিতে বলেন শিক্ষকদের।

থানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। এদিকে, রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অব্যায়িত রাজস্ব আয় হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে বাই সাইকেল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় তিনি বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী ছাত্রীদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করেন। ২০২৩-২৪ অর্থবছর এবং ২০২৪-২৫ অর্থবছরে অব্যায়িত রাজস্ব অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং তাদের যাতায়াতের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
