বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মোখলেস এর দাফন সম্পন্ন
বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার হাসনীপুর হাট সংলগ্ন এম,আর,এফ ইট ভাটার মালিক মোখলেস প্রামানিক ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২৮ এপ্রিল দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে ব্যবসায়িক কাজে যান। কাজ শেষে বাসায় ফেরার পথে একই উপজেলার শ্যামপুরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন মোখলেস প্রামানিক। ২৮ এপ্রিল বিকেলে মোখলেস প্রামানিক মোটরসাইকেল যোগে শ্যামপুর হাট এলাকায় পৌঁছালে প্রথমে ট্রাক্টর এবং পরে ভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে মোখলেসের মাথায় মারাত্মক ক্ষত হয়। দুর্ঘটনার পর রক্তাক্ত এবং অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করে। ভর্তির পর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে গত শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোখলেস প্রামানিক। সড়ক দুর্ঘটনায় নিহত ইটভাটা ব্যবসায়ী মোখলেস প্রামানিকের বাড়ি বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামে। তার পিতার নাম সোলাইমান প্রামানিক। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। শনিবার (০৩ মে) বিকেল সাড়ে পাঁচটায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
