বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউইয়র্ক স্থানীয় সময় গত বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের আবাসিক টিম আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘সদ্য গৃহীত জাতিসংঘের ‘প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে গুতেরেস বলেন, ‘তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়। আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়।
এদিকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত বৃহস্পতিবার একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৈঠক করেন। ব্লিংকেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা সহায়তা করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভালো অংশীদার হতে চাই। আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করবো। অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে। এ সময় বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছেন তিনি।-
এফএনএস