অন্তর্বর্তী সরকারের ৪ কমিটি গঠন একটিতেও নেই এম সাখাওয়াত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিসহ (একনেক) চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে গুরুত্বপূর্ণ এসব কমিটির কোনোটিতেই জায়গা হয়নি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের। বৃহস্পতিবার (২২ আগস্ট) এসব কমিটি গঠন-সংক্রান্ত পৃথক গেজেট প্রকাশিত হয়েছে। কমিটিগুলো হচ্ছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রথম দফায় শপথ নেওয়া উপদেষ্টা পরিষদের সদস্য এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে দপ্তর পুনর্বণ্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রথম দফার বণ্টনে উপদেষ্টা পরিষদে সাখাওয়াত হোসেনের অবস্থান অষ্টম হলেও গত ১৬ আগস্টের পুনর্গঠনে তার ক্রমিক হয়েছে ১৪। অন্যদিকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া কোটা আন্দোলনকারীদের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অবস্থান ক্রমিক প্রথম দফায় শেষের দিকে থাকলেও পুনর্বণ্টনে তাদের এগিয়ে আনা হয়েছে। প্রথম দিন শপথ নেওয়া ১৩ জন উপদেষ্টার মধ্যে তাদের অবস্থান ছিল যথাক্রমে ১২ ও ১৩তম। পরে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়িয়ে এই সংখ্যা ২০ করা হলেও তাদের অবস্থান রাখা হয়েছে ১১ ও ১২তম অবস্থানে। এদিকে গত বুধবার গঠিত চারটি গুরুত্বপূর্ণ কমিটির তিনটিতে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এর মধ্যে একনেক ও আইনশৃঙ্খলা দুটি কমিটিতেই তারা রয়েছেন। এর বাইরে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে আসিফ মাহমুদ এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে নাহিদ ইসলাম জায়গা পেয়েছেন।-এফএনএস
