আরএমপিতে স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের গরম ও মান সম্মত খাবার সরবরাহের জন্য পুলিশ কমিশনারের উদ্যোগে আরএমপিতে যুক্ত হলো আরও একটি ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টায় আরএমপি পুলিশ লাইন্সে আরএমপি’র পুলিশ সদস্যদের খাদ্য বহনের জন্য ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’-এর উদ্বোধন করেন। এর ফলে পুলিশ সদস্যদের খাদ্য বহনের দু’টি ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ চালু হলো। এসময় পুলিশ কমিশনার বলেন, গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ আরএমপিতে একটি স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান-এর উদ্বোধন করা হয়। একটি ভ্যানে নগরীর বিভিন্ন স্থানে আরএমপি’র পুলিশ সদস্যদের ডিউটি পোস্টে গরম ও মান সম্মত খাবার বহন করা সম্ভব হচ্ছিল না। আরএমপি’র সকল ডিউটি পোস্টে গরম ও মান সম্মত খাবার যেন যথা সময়ে বহন করা যায় সেই জন্য আরও একটি ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ যুক্ত করা হলো। এর ফলে সকল পুলিশ সদস্য তাদের ডিউটি পোস্টে সময়মতো গরম ও মানসম্মত খাবার সরবরাহ করা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
