শীতার্তদের পাশে এগিয়ে এলেন যারা
এমপি বাদশা
প্রেস বিজ্ঞপ্তি : নগরীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী রেশম কারখানার সামনে অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। রাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রবিউল ইসলাম সরকার এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। বঙ্গবন্ধু সবসময় সাধারণ মানুষকে নিয়ে ভেবেছেন। মানুষের জন্য কাজ করেছেন। তারই কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। সে স্বপ্ন নিয়েই আমি কাজ শুরু করেছি। আজীবন মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবো। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে রাজশাহীর উন্নয়নে সর্বোচ্চটা দিয়ে কাজ করে করবেন বলে অঙ্গীকার করেন। এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. তরিকুল ইসলাম, বোয়ালিয়া থানা পূর্ব আওয়ামী লীগের সভাপতি মো. আতিকুর রহমান কালু, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন রাজা, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহমুদ আজম, মো. হযরত আলী, মো. মশিউর রহমান, মো. আব্বাস আলী, মো. খুরশিদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরইউজে
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে ১০০ সংবাদপত্র বিক্রেতার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে আরইউজে কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরইউজে’র সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদকর্মী ভাই-ভাই, সবাই মিলেমিশে থাকতে চাই’Ñ এটি হোক আমাদের স্লোগান। আমরা সংবাদ লিখি আর সেই সংবাদ আপনারা যারা সংবাদপত্র বিক্রেতা রয়েছেন তা পাঠকের কাছে পৌঁছে দেন। সুতরাং আমরা একে অপরের পরিপূরক। তাই আপনারা কষ্টে থাকলে আমাদের কষ্ট লাগে। প্রচণ্ড এই শীতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের ক্ষুদ্র এই আয়োজন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি- বিভিন্ন উৎসবেও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশে থাকবে।’ অনুষ্ঠানে আরইউজে’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ জনি, রাজশাহী জাতীয়তাবাদী সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু বাক্কার, সাধারণ সম্পাদক মো. নকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন ব্যাংক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে ইউনিয়ন ব্যাংকের উদ্যোগে দুস্থ ও গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। গতকাল বিকেলে কুমারপাড়া ব্যাংকের রাজশাহী শাখা থেকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভিপি এন্ড ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এভিপি সাবেক ম্যানেজার শহিদুল ইসলাম, ম্যানেজার অপারেশনস্ হাসানুর রশিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলকার নাইন বাহালুল ও ফারিহা রহমান। প্রায় দুই শতাধিক দুস্থ ও গরীব অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
