স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক এলাকার করোনা টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি মেয়র লিটন। রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে কনস্টেবল ফিরোজ কবির প্রথম টিকা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজকে সারা বাংলাদেশব্যাপী করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ প্রতিক্ষিত ও কাঙ্খিত এ দিনটি আমাদের সামনে উপস্থিত হয়েছে। করোনা নিয়ে যে উদ্বিগ্নতা ছিল, তা দরীভূত হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করছি। প্রথম দিকেই করোনার ভ্যাকসিনও পেয়েছি। মেয়র আরো বলেন, ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার তালিকা করা হয়েছে। সরকার পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রেখেছে। ভ্যাকসিন প্রদানে কোনও অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে না।
সরকার বিনামূল্যে নাগরিককে ভ্যাকসিন প্রদান করছে। সরকারের মহতি এ উদ্যোগীর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। মেয়র আরো বলেন, প্রথম দিকে করোনার ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার হয়েছে। এখন সম্মুখসারীর ব্যক্তিদের ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে সেটি কেটে যাবে। দিন যত যাবে, মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের আগ্রহও তত বেশি বৃদ্ধি পাবে। সিটি কর্পোরেশন এলাকার মানুষের জন্য প্রায় ৩১ হাজার ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। প্রয়োজনে আরো ভ্যাকসিন সরকারের কাছ থেকে সংগ্রহ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার উন্নত দেশের ন্যায় ভ্যাকসিন দেয়ার সুযোগ সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে।
ভ্যাকসিন সম্পর্কে ভয়ভীতি দুর করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম। আরো বক্তব্য দেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুল আহসান তালুকদার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় আরএমপি‘র উপ পুলিশ কমিশনার (সদর) মো. রাশীদুল হাসান, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় তিনটি কোভিড-১৯ টিকাদান কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং সিএমএইচ।

মোহনপুর
মোহনপুর সংবাদদাতা : আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে মোহনপুরে করোনার টিকাদান কর্মসূচী রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল টিকা কবির গ্রহণ করেন। এরপর ডাঃ ইসমাইল, ডাঃ জাহিদ, ডাঃ নাদিম মোস্তফা, অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামসহ ডাক্তার, নার্স ও সাধারণ জনগণ টিকা গ্রহণ করেন। আরিফুল কবির জানান, প্রথম দিনে চিকিৎসক, সেবিকাসহ মোট ৩০ জন টিকা গ্রহণ করেছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের সকলকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এসময় তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানওয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, বাকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মুরশেদ, ছাত্রনেতা প্রভাষক রনি সরকার, প্রভাষক হুমায়ুন প্রমুখ।

চারঘাট
চারঘাট প্রতিনিধি: চারঘাটে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে সরদহ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর রফিকুল ইসলাম ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স চারজনসহ সর্বমোট ২০ জনকে টিকা প্রদান করা হয়েছে। রোববার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থেকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার শহীদুল ইসলাম রবিন, করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার, মেডিকেল অফিসার আতিকুল হক প্রমুখ।
চারঘাট উপজেলায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিতে ৩৫২ জন রেজিষ্টেশন করেছেন। প্রথম দিনে ৫০ জনকে ভ্যাকসিন প্রদান টার্গেট থাকলেও ২০ জনকে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, চারঘাটে মোট ১৪ হাজার ৩৪০ ডোজ করোনা ভ্যাকসিন বরাদ্দ এসেছে। পর্যায়ক্রমে আরো আসবে। রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।
লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ৪০ জন করোনা যোদ্ধাকে টিকাদানের মাধ্যমে কেভিড-১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচীর উদ্বোধন এর মধ্য দিয়ে শুরু করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্মেলন কক্ষে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,কে,এম শাহাব উদ্দীন,
উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার,লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম কাউসার ,নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমুখ। উল্লেখ্য লালপুর উপজেলায় প্রথম ধাপে ৩ হাজার ৫শ টি কেভিড-১৯ টিকা এসেছে। এ পর্যন্ত ৯শ ৩৭ জনের রেজিষ্ট্রেশন করা হয়েছে বলে জানা গেছে।

মান্দা
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুর করা হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন,
মেডিকেল অফিসার সৌরভ চক্রবর্তী, শাহারিয়ার হাসান তামিম, আবরার ফাইয়াজ লাবিব, হিমাদ্রী শেখর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, উদ্বোধনী দিনে ১৯ জনকে কোভিট ১৯ এর টিকা দেয়া হয়েছে। এ উপজেলায় প্রথম টিকা গ্রহণ করেন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আবুল বাশার। পরে আরও ১৮ জনকে এ টিকা দেয়া হয়। এদিন বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা রাখা হয়েছিল।