এফএনএস : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪৩০ রান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের শুরুতেই হারিয়েছে ওপেনার জন ক্যাম্পবেলকে। অনেকদিন পর টেস্ট একাদশে সুযোগ হয়েছে মোস্তাফিজুর রহমানের। টিম ম্যানেজমেন্টের আস্থার জবাবটা তিনি বল হাতে নিয়েই দিলেন। বাঁহাতি পেসার দলকে এনে দিয়েছেন প্রথম উইকেট। তার বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৩ রান করা ক্যাম্পবেল। সীমিত ওভারের ক্ষেত্রে এই বাঁহাতি পেসার প্রথম পছন্দ থাকলেও লাল বলের ক্রিকেটে বারবার হয়েছেন উপেক্ষিত।
২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে সবশেষ টেস্ট খেলা মোস্তাফিজের লাল বলের স্কিলের ঘাটতি থাকার কথা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। যে কারণে গত বছরের ফেব্রুয়ারির পাকিস্তান সফরের স্কোয়াডে জায়গা হয়নি তার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে ফিরলেও ডোমিঙ্গো জানিয়েছিলেন, বাঁহাতি পেসারের বোলিং নিয়ে কাজ করাতেই শুধু দলে রাখা হয়েছে। সেই তিনি লাল বলের ক্রিকেটে ফিরতেই করলেন উইকেট উদযাপন। তার বলে ক্যাম্পবেলের বিদায়ের সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিল ১ উইকেটে ১১ রান।