আরা ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পাতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। ছবিটিতে দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সেলফিতে ও বলিউড কিং শাহরুখ খানকে দেখা যাচ্ছে। যেখানে চঞ্চলকে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশ্যে আসতেই নানান প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্তমনে। অনেকে ভাবছেন, নতুন কোনো সিনেমায় একসঙ্গে কাজ করছেন তারা? খোঁজ নিয়ে জানা গেল, না। ঘটনা তা নয়। আপাতত চঞ্চল চৌধুরীকে বলিউডের এই তারকাদের সঙ্গে এক সিনেমায় দেখার সৌভাগ্য হয়তো হবে না এদেশের দর্শকের।
জানা গেছে, বিকালে উদ্বোধন হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরের। সেখানেই মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কুমার শানুর সঙ্গে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীকে। কলকাতায় সিনেমাভিত্তিক সবচেয়ে বড় আয়োজন এই উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার পুরো টলিউড ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। সবাই অংশ নিয়েছেন উৎসবের উদ্বোধনে। মঞ্চের সামনের সারিতে অমিতাভ-শাহরুখদের পাশে বসেছিলেন চঞ্চল। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। এ সময় তিনি অমিতাভ বচ্চন ও শাহরুখের সঙ্গেও কুশল বিনিময় করেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১ হাজার ৭৮টি সিনেমা প্রদর্শিত হবে এবার। এর মধ্যে বাংলাদেশেরও তিনটি ছবি রয়েছে। যার একটি মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শুধু উৎসবে নয়, ভারতের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। শুক্রবার (১৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে। এরপর ৩০ ডিসেম্বর পুরো ভারতেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর ভারতীয় পরিবেশক রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।