৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রাথমিকে শিক্ষক বদলি শুরু আগস্টে

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ৯:০৪ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
প্রাথমিকে শিক্ষক বদলি শুরু আগস্টে
বিজ্ঞাপন

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে। আগামী আগস্ট মাস থেকে এ কার্যক্রম পুরোদমে শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে আপাতত ঢাকাসহ দেশের ১১টি মহানগর এলাকায় শিক্ষক বদলি করা হবে না। এজন্য আলাদা নীতিমালা করা হবে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সফটওয়্যারে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং কাজের সমাপ্তি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি পাইলটিং শুরু করা হয়। সেখানে ২৬ জন শিক্ষক বদলির জন্য আবেদন করেন। এর মধ্যে যোগ্যতা না থাকায় তিনটি আবেদন অটোমেটিক বাতিল হয়ে যায়।এফএনএস

বাকি ২৩টি আবেদন জমা হয়। তিনি বলেন, শিক্ষকের নিজস্ব কোড ও পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে প্রবেশ করতে হবে। বদলির জন্য নিজের তথ্য ও যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে। একজন শিক্ষক তিনটি বিদ্যালয় চয়েজ দিতে পারবেন। স্বামীর কর্মস্থল, সিনিয়রিটিসহ বিভিন্ন ক্যাটাগরিতে নম্বর নির্ধারণ করা হয়েছে। এর ভিত্তিতে স্কোরিং করে বদলির জন্য যোগ্যদের নির্বাচন করা হবে। একজন ব্যক্তি অন্যজনের জন্য আবেদন করতে পারবেন না। জাকির হোসেন বলেন, আগামী মাস (আগস্ট) থেকে সারাদেশে বদলি কার্যক্রম শুরু হবে। উপজেলার মধ্যে শিক্ষক বদলি করা হবে। তবে আপাতত দেশের ১১টি মহানগরে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ রাখা হবে। মহানগরে বদলির জন্য নতুন একটি প্ল্যাটর্ফম তৈরি করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই। শিক্ষক আবেদন করার পর প্রধান শিক্ষক সেটি উপজেলা পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। কর্মকর্তারা শুধুমাত্র সম্মতি দিতে পারবেন। এজন্য তিন কার্যদিবস সময় পাবেন।

এর মধ্যে সম্মতি দেওয়া না হলে সেটি অটোমেটিক পাস হয়ে যাবে। তবে সম্মতি না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। অন্য এক প্রশ্নে তিনি বলেন, দ্বন্দ্বের কারণে প্রধান শিক্ষক কোনো সহকারী শিক্ষকের বদলির আবেদন অহেতুক বাতিল করলে এ বিষয়ে উপজেলা, জেলা বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পর্যন্ত অভিযোগ জানানো যাবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। সেপ্টেম্বরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নির্বাচিতদের যোগদান শুরু করা হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।

সেপ্টেম্বর মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে যোগদান করানো হবে। এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। নতুন কারিকুলাম পাইলটিং বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, আগস্ট থেকে দেশের তিন হাজার ২১৪ বিদ্যালয়ে পাইলটিং শুরু করা হবে। দেশের সক প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনে একই ধরণের প্রাথমিকের পাঠ্যবই পড়ানো হবে। বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন পাঠ্যবই পড়ানো যাবে না। বছর শেষে পাইলটিং ক্লাস শিশুদের কতটা কাজে আসবে জানতে চাইলে তিনি বলেন, নতুন কারিকুলামের পাঠ্যবইয়ে ৪০ থেকে ৫০ শতাংশ পরিবর্তন আনা হয়েছে। আগের মতোই বিষয়বস্তু রয়েছে। যাদের পাইলটিংয়ের আওতায় আনা হবে তারা আগের বই পড়ছে। তাই নতুন বই পড়ানো শুরু করা হলে তেমন কোন সমস্যা হবে না। তবে আগামী বছর নতুন কারিকুলামের দ্বিতীয় শ্রেণির পাইলটিং শুরু করার কথা থাকলেও দেরি হয়ে যাওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। আগামী বছর শুধু প্রথম শ্রেণির নতুন কারিকুলামে ক্লাস শুরু করা হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুবছর পর তা শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা শুরু করা হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী গাজীপুরের একজন শিক্ষককে বদলি করে পাইলটিং কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন