পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এর আগে গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনকে নিজ বেতন স্কেল ও বেতনক্রমে বদলিভিত্তিক পদায়ন করা হলো। -এফএনএস
তিনি তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন। তবে ঠিক কী কারণে তাকে স্ট্যান্ড রিলিজ ও ওএসডি করা হয়েছে তা জানা যায়নি। তবে জেলা শিক্ষা অফিসের একাধিক সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। বেশ কয়েকজন নারী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে এ-সংক্রান্ত তদন্ত কমিটি সেসব অভিযোগের সত্যতা পায়। এ বিষয়ে এসএম মোসলেম উদ্দিন বলেন, এ সংক্রান্ত আদেশ আমি পেয়েছি। কিন্তু আমি জানি না কেন আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল কিনা আমি জানি না। দু-তিন দিনের মধ্যে আমি অধিদপ্তরে যাবো। তারপর বিষয়টি নিয়ে বলতে পারবো।
