এফএনএস : টানা ব্যস্ততা, একের পর এক আন্তর্জাতিক সিরিজ। এর বাইরে ঘরোয়া ক্রিকেটের ঠাসা সূচি। নির্বাচকদের বিশ্রামের সুযোগ নেই বললেই চলে। আর জাতীয় দলের নির্বাচক মাত্র তিন জন, তাই তাদের ব্যস্ততাও অনেক। যদিও নতুন করে দুজন নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দেশেও ঘরোয়া ক্রিকেট নেই। বিসিবির ব্যয় সংকোচন নীতির কারণে দলের সঙ্গে থাকতে হচ্ছে না নির্বাচকদের।
সুযোগ বুঝে তাই ছুটি নিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিন সপ্তাহের ছুটিতে গত শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্রের পথে বিমানে চড়েছেন তিনি। পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরবেন নান্নু। গত শুক্রবার বিকালে প্রধান নির্বাচক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এবারের ক্যারিবিয়ান সফরে জাতীয় দলের সঙ্গী হওয়ার কথা ছিল সাবেক এ অধিনায়কের। চাকরির সরাসরি দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি মিলে যাওয়ায় নান্নু ছুটির আনন্দে সময় কাটানোর পথই বেছে নিয়েছেন।