এফএনএস : কাঁধের ইনজুরির চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। গতকাল ঢাকায় পৌঁছান ডানহাতি এই ফাস্ট বোলার। লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে বিশেষজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন তাসকিন। অস্ত্রোপচার করা হবে না, আপাতত রিহ্যাবের মাধ্যমেই মাঠে ফেরার লড়াই শুরু করবেন এ তরুণ পেসার। ঢাকায় ফেরার পর গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন। গত ৬ মে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন তিনি। ১০ মে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে কয়েকটি টেস্ট করতে হয়েছে তাসকিনকে।
বড় কোনো সমস্যা ধরা না পড়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেননি চিকিৎসক। এই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না তাসকিন। পেস আক্রমণে তিনিই ছিলেন বড় ভরসা। আঙুলের চোটে মেহেদী হাসান মিরাজও এই সিরিজে নেই। নিয়মিত দুই পারফরমারকে মিস করছেন অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রামে গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দুই সতীর্থকে স্মরণ করে মুমিনুল বলেন, ‘নিউজিল্যান্ডে জয়ে তাদের অনেক অবদান ছিল।
তাদের দুজনকে মিস করবো। একজন ভালো ব্যাটিংও করে, অলরাউন্ডার। তবে তাদের জায়গায় যারা খেলবে তাদের জন্য ভালো সুযোগ। ওরা এমন পারফরম করছিল যে অন্য কাউকে সুযোগ দিচ্ছিল না। ওদের জায়গায় যারা খেলবে তারা ওই বার্তা দিতে চাইবে যে আমরাও ভালো অবস্হানে আছি।’