এফএনএস : দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়, ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটকে আরো চাঙ্গা করবে বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাটে জয়হীন থাকার বন্ধ্যাত্ব ঘুচল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। প্রধান নির্বাচক গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, ‘দল ভালো করলে তো শুধু আমরা না, পুরো দেশবাসীর জন্য বিরাট গর্বের ব্যাপার।
এই দলের অংশ হিসেবে অসম্ভব ভালো লাগছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আমরা আন্ডারডগ হিসেবে শুরু করেছিলাম। এই পারফরম্যান্স আগামীতে আরও ভালো খেলার জন্য সাহস যোগাবে। পুরো দলের যে প্রচেষ্টা, দুর্দান্ত। প্রত্যেক ধাপে তাদের মানসিকতা দারুণ ছিল। সবকিছু মিলে বলব এটা দলীয় প্রচেষ্টা। এই প্রক্রিয়ার মধ্যে থাকলে এই পারফরম্যান্স সামনে আরও সাহস যোগাবে।’ এই জয়ের পেছনে দল নির্বাচনের কৃতিত্ব সবাইকে দিয়ে মিনহাজুল আরও বলেন, ‘এটা আমার না, আমাদের (কৃতিত্ব)। আমাদের প্যানেলটা।
দল ভালো খেললে আমাদের (নির্বাচক) প্যানেল অবশ্যই আত্মবিশ্বাস পায়। গত দুই বছরে আমরা অনেক ওয়ানডে সিরিজ জিতেছি। ওয়ানডে দলের একটা ভারসাম্য আছে। যেটা টি-টোয়েন্টিতে এখনও পারিনি। টেস্টে নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছি। আস্তে আস্তে টি-টোয়েন্টি নিয়েও কাজ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় অবশ্যই মানসিকভাবে আমাদের বুস্ট আপ করেছে। এই প্রক্রিয়ার মধ্যে থাকলে অন্যান্য ফরম্যাটেও ভালো কিছু হবে।’
এদিকে ওয়ানডে ক্রিকেটে ম্যাচ বিবেচনায় মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন সাকিব আল হাসান। শুক্রবার ৩৮ রানের জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু করেছে বাংলাদেশ। যেটা ছিল সাকিব আল হাসানের ক্যারিয়ারের ২১৯তম ওয়ানডে ম্যাচ। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ম্যাচসংখ্যায় টপকে গেলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। দেশের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২১৮টি ম্যাচ খেলেছেন মাশরাফি। তবে ম্যাচসংখ্যায় সাকিব বাংলাদেশের ক্রিকেটে তিন নম্বরে আছেন। দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম ২৩১টি। দ্বিতীয় স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি খেলেছেন ২২৩টি ম্যাচ।