শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

নতুন ইসি নির্বাচন সুষ্ঠু করতে পারবে না : ফখরুল

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এফএনএস : নতুন নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই আমাদের দাবি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আর কোনও সুযোগ দেওয়া হবে না। জনগণের ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের সরকার করতে হলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার লাগবে। আওয়ামী লীগের অধীনে এটা হবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হওয়ার সঙ্গে সঙ্গে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের বিকল্প নেই। বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের বাজারের আগুন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নেই। কারণ সরকারই পণ্যের দাম বৃদ্ধি করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে সরকারের মন্ত্রী-এমপি নয়তো, দলের লোক জড়িত। মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি সব মহলে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এত বড় দুর্নীতি আমরা আগে কখনও দেখিনি। পরিকল্পিতভাবে এই সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সাধারণ মানুষের কথা তারা চিন্তাও করে না। তাদের সে কথাবার্তা শুনলে মনে হবে না এই দেশের জনগণের প্রতি ভালোবাসা আছে।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহারসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মির্জা ফখরুল দলের পক্ষ থেকে খোন্দকার দেলোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আত্মার মাগফেরাত কামনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris