এফএনএস : ২০০৭ সালের এক-এগারো উপলক্ষে সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে সভা করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ সেই ভয়ংকর কালো দিনকে স্মরণ করিয়ে দেয়। এই ষড়যন্ত্রের দিনে আওয়ামী লীগের কলঙ্কিত রাজনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে ১১ জানুয়ারি (আজ সোমবার) বেলা ৩টায় কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভা করবে বিএনপি। গতকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
গত শনিবার বিকালে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে বেআইনি সেনাসমর্থিত সরকার গঠন করা হয়। দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াসহ বহুসংখ্যক রাজনৈতিক নেতাকে মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়। মূল লক্ষ্য ছিল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে র্নিমূল করা।
তিনি বলেন, ১/১১ এর বেআইনি সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাতে ক্ষমতা প্রদানের নীল নকশা বাস্তবায়ন করে। আজকের অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তারই ধারাবাহিকতায় এ দেশের মানুষের আকাক্সিক্ষত গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।